ফুটবল

ফাইনালে মেসির জন্য বিশেষ উপহার

দোহা, ১৭ ডিসেম্বর – আর্জেন্টিনার অনুশীলনে বেঞ্চে দেখা গেছে সার্জিও আগুয়েরোকে। প্রথমে মনে করা হয়েছিল, এমনিই অনুশীলনে হাজির হয়েছেন আর্জেন্টিনার এই প্রাক্তন ফুটবলার। যদিও পরে সামনে এসেছে নতুন তথ্য। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া আমন্ত্রণ জানিয়েছেন আগুয়েরোকে। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের জন্য উপস্থিত থাকবেন তিনি।

শুধু আগুয়েরোই নন। আরও চমক রয়েছে। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে শুরু থেকেই দেখা যেত জিওভানি লে সোলসোকে। চোটের জন্য সুযোগ পাননি তিনি। ফাইনালে তাকেও জানানো হয়েছে বিশেষ আমন্ত্রণ।

এ ছাড়া, চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেজ। ফাইনালের আগে তাকেও ডেকে আনা হয়েছে। আর্জেন্টিনার ঐতিহাসিক মুহূর্তে দলের সবাইকে সঙ্গে চান কোচ লিওনেল স্কালোনি।

একই পরিস্থিতি হয়েছিল জোয়াকিন করেয়ার। কাতারে এসেও দেশে ফিরতে হয়েছিল। চোটের জন্য বিশ্বকাপ খেলা হয়নি। তবে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সদস্য। ফাইনালের মঞ্চে তিনিও থাকবেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language