ফুটবল

ঈশ্বর তোমাকে মুকুট দেবেন, মেসিকে রিভালদো

দোহা, ১৪ ডিসেম্বর – কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মেসি-আলভারেজ ম্যাজিকে বিধ্বস্ত গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়াম দেখেছে মেসি শো। সেই সঙ্গে নতুন তারকা হিসেবে আলভারেজের ঝলক।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তিরা। যেখানে ছিলেন রোনাল্ডো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস ও কাকার মতো তারকারা। দুর্দান্ত সেই ম্যাচ শেষে ফাইনালের জন্য লিওনেল মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। ব্রাজিল এবং নেইমার আসরে না থাকায় তিনি মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন বলেও উল্লেখ করেন।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রিভালদো লেখেন, বিশ্বকাপে আমাদের ব্রাজিল কিংবা নেইমার নেই। সেজন্য আমি আর্জেন্টিনার পক্ষে আছি, মেসিকে নিয়ে কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা উচিত ছিল। তবে ঈশ্বরই ভালো জানেন কখন কী করতে হবে। আগামী রোববার ঈশ্বর তোমাকে মুকুট দেবেন।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসিকে টুপি খোলা অভিনন্দন জানিয়ে বলেন, তুমি (মেসি) ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার, যে অসাধারণ ফুটবল তুমি এরই মধ্যে খেলেছ তার জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করবেন।

কাতার বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে আছেন ৩৫ বছর বয়সী তারকা। শুরুতে সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কা সামলে টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তার দল। যার চারটিতেই ম্যাচের সেরা মেসি। ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সঙ্গে তার অ্যাসিস্ট আছে তিনটি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠে শেষ সময়ের গোলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেসির। বিশ্ব মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে তাদের দরকার স্রেফ আর একটি জয়। সেই লক্ষ্যে আগামী রোববারের ফাইনালে ফ্রান্স অথবা মরক্কোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language