মেসির ধমক এখন আর্জেন্টিনার মগ, টি-শার্ট, ক্যাপে
দোহা, ১৩ ডিসেম্বর – শুক্রবার চরম নাটকীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ওই ম্যাচে আগে দুই গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ২-২ গোলে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার পর টাইব্রেকার ভাগ্য নির্ধারিত হয় দুই দলের।
উত্তেজনায় ভরা ওই ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলছিলেন লিওনেল মেসি। ডাচ একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে আগ্রাসী ভাষায় কথা বলেন তিনি। মেসির সেই কথাই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ওই কথা সম্বলিত টি-শার্ট, মগ ও অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে।
সাক্ষাৎকার শুরুর আগে ডাচ ফরোয়ার্ড ভাউট ভেগহোর্স্টকে লক্ষ্য করে মেসি মেসি বলে ওঠেন, ‘তাকিয়ে কী দেখছো, বোকা? দূর হও!’
বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্জেন্টাইন অধিনায়কের সেই কথাই এখন টি-শার্ট, মগ ও অন্যান্য পণ্যের মাধ্যেমে দেদারসে বিক্রি হচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সের একটি দোকানে ওই বাক্য সম্বলিত টি-শার্ট বিক্রি হচ্ছে। মগ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ পেসোয় (৯ ডলার), টি-শার্ট ২ হাজার ৯০০ পেসোয় এবং ক্যাপ ৩ হাজার ৯০০ পেসোয় বিক্রি হচ্ছে।
টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী গাস্তন এদুল পরে জানান, আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি তখন বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরোর হস্তক্ষেপে শান্ত হন।
মেসি পরে জানান, ডাচদের ১৯ নম্বর জার্সি পরা ভেগহোর্স্ট নাকি মাঠে আজেবাজে কথা বলেছেন। সে জন্যই ওই ধমক। মজার ব্যাপার, মেসির এই মন্তব্য তার দেশের মানুষ লুফে নিয়েছে। আর্জেন্টিনায় মগ, টি-শার্ট এবং অন্যান্য ব্যবহার্য জিনিসে মেসির এই কথা এখন শোভা পাচ্ছে।
আর্জেন্টিনায় কাপড়ের ডিজাইনার টনি মরফেস বলেন, আমরা যত দ্রুত সম্ভব টি-শার্ট বানিয়েছি। কথাটা ভাইরাল হয়ে গিয়েছে। মেসি এমনিতে শান্ত, তবে লোকে তাকে ডিয়েগো ম্যারাডোনার মেজাজেও দেখতে চায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২২









