বলিউড

বিমানবন্দরে শাহরুখকে আটকালেন রাজস্ব কর্মকর্তারা

মুম্বাই, ১২ নভেম্বর – শারজায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠান শেষে আজ শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। কিন্তু বিমানবন্দরে নেমেই ঝামেলায় পড়েন বলিউড বাদশাহ। তার কাছে ছিল ১৮ লাখ রূপির একটি ঘড়ি। এ দামী ঘড়ির জন্য তাকে আটকে দেন শুল্ক দফতরের কর্মকর্তারা। রাজস্ব ফি বাবদ ৬ লাখ ৮৩ হাজার রূপি পরিশোধের পর ছাড়া পান শাহরুখ। নিজস্ব বিমানে চেপে শারজাহ থেকে মুম্বাই ফেরেন তিনি। রাজস্ব কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউডের এ সুপারস্টার—এমনটা নিশ্চিত করেছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।

এদিকে শারজাতে এক অনুষ্ঠানে আসন্ন ছবি নিয়ে প্রশ্ন করা হয় শাহরুখকে। জিজ্ঞেস করা হয় তিনি সিনেমাগুলো নিয়ে দুশ্চিন্তা করছেন কি না। শাহরুখ উত্তরে বলেছেন, ‘আমার মনে হয় না উদ্বেগের কোনো কারণ আছে। সিনেমাগুলো সবকটাই সুপারহিট হবে।’ তার এ জবাব যে কোনো দম্ভ নয় সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। “আমি এমন বিশ্বাস নিয়েই ঘুমাতে যাই, আবার পরদিন জেগে উঠি। এমন বিশ্বাসের কারণেই ৫৭ বছর বয়সে আমি স্টান্ট করি, ১৮ ঘন্টা কাজ করি। এখন এমন বিশ্বাস না থাকলে আমি দর্শকের পছন্দের কনটেন্ট তৈরি করতে পারতাম না। তাই এটা আমার দম্ভ নয়, আমার বিশ্বাস।”

২০২৩ সালে শাহরুখের তিনটি সিনেমা মুক্তি পাবে—সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’, এটলির ‘জওয়ান’ ও রাজকুমার হিরানির ‘দুনকি’। পাঠানের যে টিজার মুক্তি পেয়েছে তাতে দর্শক নড়েচড়ে বসেছেন; অনেকে বলছেন, এটা নিশ্চিত—ফিরছেন বলিউড বাদশাহ।

আইএ/ ১২ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language