আইন-আদালত

বিচারপতি মানিকের ওপর হামলা : বিএনপি নেতা হারুনসহ ৩ জন রিমান্ডে

ঢাকা, ০৯ নভেম্বর – সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন-স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নি।

এর আগে পল্টন থানায় করা এ মামলায় আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ৮ নভেম্বর বিকেল তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৩ নভেম্বর এ মামলায় আরও ১১ জনকে রিমান্ডে নেওয়া হয়। এরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মতিউর রহমান নিরব, শামিম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

মামলা থেকে জানা গেছে, গত ২ নভেম্বর পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। পরে এ ঘটনায় তার গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৯ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language