বলিউড

যে কারণে ‘নো এন্ট্রি ২’ থেকে মুখ ফেরালেন সালমান

মুম্বাই, ১৯ অক্টোবর – আগামী বছর শুটিং হওয়ার কথা ছিল ‘নো এন্ট্রি ২’ সিনেমার। কিন্তু বদলে গেল সব কিছু! বলিউডে জোর গুঞ্জন— এ ছবি নির্মাণের পরিকল্পনা থেকে পিছিয়ে গেছেন সুপারস্টার সালমান খান।

কী কারণে ‘নো এন্ট্রি ২’ থেকে মুখ ঘুরিয়ে নিলেন তিনি? কেন নিজের অন্যতম পছন্দের ছবির সিক্যুয়েল তৈরিতে আর আগ্রহী নন সুপারস্টার?

একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে— অনিজ বাজমির লেখা চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছিল সালমানের, তাই ‘নো এন্ট্রি ২’ নিয়ে দারুণ উজ্জীবিত ছিলেন তিনি।

তার মতে, গত এক দশকে এমন দমফাটানো হাসির ছবি তৈরি হয়নি বলিউডে। কিন্তু ছবির সঙ্গে এত আইনি ঝামেলা জড়িয়ে গেছে যে, পিছু হটতে বাধ্য হলেন সালমান।

নো এন্ট্রির সহপ্রযোজক ছিল সাহারা মোশন পিকচার্স, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই। তাই কাজ আরও কঠিন হয়ে গেছে। পাশাপাশি এ ছবির বাজেট নিয়েও সমস্যা দেখা দিয়েছে।

বাজেটের পরিমাণ ছবির শুরুর আগেই লাগাম ছাড়াচ্ছে, একবার শুটিং শুরু হলে আরও সমস্যা বাড়বে। কারণ ‘নো এন্ট্রি’র সঙ্গে বেশ কিছু আইনি জটিলতা জুড়ে রয়েছে, যা ভবিষ্যতে ‘নো এন্ট্রি ২’-এর মাথাব্যথার কারণ হয়ে ওঠতে পারে।

২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘নো এন্ট্রি’। অনিজ বাজমি পরিচালিত ও বনি কাপুর প্রযোজিত এ ছবিতে দেখা যায় সালমান খান, অনিল কাপুর, ফারদিন খান, এষা দেওল, বিপাশা বসু, লারা দত্ত, সেলিনা জেটলিদের। ২০০২ সালের তামিল ছবি ‘চার্লি চাপলিন’-এর রিমেক ছিল ছবিটি এবং ২০০৫ সালের সবচেয়ে বেশি ব্যবসাও করেছিল।

তাই আপাতত তুলে রাখা হয়েছে ‘নো এন্ট্রি ২’-এর চিত্রনাট্য। নতুন বছরে নতুন স্ক্রিপ্টের খোঁজে ভাইজান। পরেবর্তী সময় সালমানকে দেখা যাবে ‘কিসিকা ভাই, কিসিকা জান’ ছবিতে। পাশাপাশি পরের বছর দিওয়ালিতে আসছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’।

আইএ/ ১৯ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language