
বরগুনা, ২০ নভেম্বর- বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জমাদ্দারের ডান পায়ের রগ ও বাম পায়ের হাড় কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন চেয়ারম্যানের স্বজনরা।
স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে যাচ্ছিলেন তিনি। কালিকাবাড়ি বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার পা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধারালো অস্ত্রের কোপে তার বাম পায়ের হাড় এবং ডান পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা শিপন জমাদ্দারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন।
আহতের স্বজনরা জানান, আসন্ন সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন চেয়ারম্যানের স্বজনরা।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২০ নভেম্বর









