সিলেট

সিলেট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎবিহীন নগরী

সিলেট, ১৭ নভেম্বর- সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে অবস্থিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। ঘটনার পর থেকে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বলেও সূত্র জানায়।

বিদ্যুৎ বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখই বলা যাচ্ছে না।

আরও পড়ুন:  সিলেটে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, গ্রিডের দুটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল। ট্রান্সফর্মার দুটি পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করবো। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language