বায়োপিকের ছবিটি দেখা যাওয়া হলো না সৌমিত্রের

কলকাতা, ১৫ নভেম্বর- মানুষের হৃদয় স্পর্শ করেছিলেন তার অভাবনীয় অভিনয়শৈলী দিয়ে। একজন সৌমিত্র শ্রম আর মেধায় তিলে তিলে নিজেকে পরিণত করেছেন মহীরুহে। এক দীর্ঘ সাফল্যময় জীবন কাটিয়েছেন তিনি।
দক্ষিণ এশিয়া চলচ্চিত্রে তিনি ছিলেন পরিচিত নাম। তাকে নিয়ে মানুষের আগ্রহ প্রবল। তাই তো সৌমিত্রকে নিয়ে নির্মিত হচ্ছিল তার বায়োপিক। সেখানে তিনি নিজেই অভিনয় করেছিলেন। অসুস্থ হওয়ার তিন দিন আগেও শুটিং ছিলেন তিনি। চরিত্রের জন্য এক আজীবন লোভ ছিল তার। ‘অর্থ, কীর্তি বা সচ্ছলতা নয়। ভেতর থেকে সার্থকতার বোধ না এলে অভিনেতা ফুরিয়ে যান। আর তাই তো নানা চরিত্রে অভিনয় করার ইচ্ছেটুকুকে জিইয়ে রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত।
আরও পড়ুন: মানুষ হিসেবে তিনি ছিলেন এক মহাসাগর
আসলে সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল একজন অভিনেতা নন, তিনি কবি। ক্রান্তদর্শী। বাংলার রাজনৈতিক পটপরিবর্তনে বারবার তার কলম গর্জে উঠেছে। কখনও লেখায়, কখনও সটান রাস্তায়, মিছিলে, প্রতিবাদে, প্রতিষ্ঠান বিরোধিতায়। আবার প্রয়োজনে ইন্ডাস্ট্রি বাঁচাতে প্রতিষ্ঠানের পাশেই। সৌমিত্র বলতেন, ‘মানুষ হিসাবে আমি র্যাডিক্যাল। এই অনুসন্ধানী মন বারবার প্রশ্ন করে, এত দিন যাদের সবকিছু ভালো দেখেছি, তাদের সবটাই কি ভালো? যাদের খারাপ ভাবতাম, তারা সত্যিই কি এতটা খারাপ? তার ওপর দাঁড়িয়েই বারবার বিশ্বাস ভেঙেছে, আবার তার থেকেই জন্ম নিয়েছে এক নতুন বিশ্বাস’।
প্রথমে বায়োপিক তৈরি নিয়ে নানা কারণ দেখিয়ে বাধ সাধলেও পরে এসে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় বায়োপিক ছবির সব দৃশ্যের শুটিং শেষ করলেন বটে কিন্তু দেখে যেতে পারলেন না। তার আগেই জীবনমঞ্চ থেকে প্রস্থান ঘটল এই গুণী অভিনেতার।
সূত্র: সময় টিভি
আর/০৮:১৪/১৫ নভেম্বর









