ঢালিউড

সিলেটে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন শাকিব খান

ঢাকা, ১৮ জুন – স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। ক্রমশ পানি বেড়ে এই দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতির দিকেই যাচ্ছে। জীবন বাঁচাতে সেখানকার মানুষেরা ছুটছে নানাদিকে। এমন পরিস্থিতি সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। নিজের সামর্থ্যের মধ্য থেকে বানবাসিদের অর্থ সহায়তা দিচ্ছেন বলে জানান তিনি।

শনিবার দুপুরে শাকিব খান তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম ও ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর খবর জানিয়েছেন। লিখেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্খিদের কাছ থেকে জেনেছেন, সিলেট ও সুনামগঞ্জের বিভাগে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষদের দুর্দশা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে।

শাকিব খান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমি আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি। একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি, যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেইসব মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ তারকা বলেন, বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান।

এসময় একটি ই-মেইল যুক্ত করে শাকিব বলেন, ‘বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন skhumanity1@gmail.com।’

এম এস, ১৮ জুন

Back to top button
🌐 Read in Your Language