কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গুলি বিনিময়, নিহত ১

কক্সবাজার, ১৬ জুন – কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২-ওয়েস্টের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বুধবার রাত ১২টার দিকে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ওয়েস্ট সি ব্লকে কথিত দুই বিবদমান সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো. সেলিম গুলিবিদ্ধ হয়। তাকে তাৎক্ষণিক পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার নাইমুল হক জানান, নিহত সেলিম কথিত আরসা গ্রুপের সদস্য। যদিও বা সে ক্যাম্পে রাত্রিকালীন পাহারাদার হিসেবে কাজ করতেন।
উখিয়া থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এর আগে, গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামে একজন ব্লক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এসময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। ওই মাঝি হত্যার এক সপ্তাহের মধ্যে আরও একজনকে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/১৬ জুন ২০২২

Back to top button
🌐 Read in Your Language