স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট স্ত্রী
![]()
বগুড়া, ১৪ জুন – বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে সড়ক সংস্কারের রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুম্বীতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী।
জানা যায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। আজ বেলা ১১টায় আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে তছির উদ্দীন স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের পেছনে বসা তছির উদ্দীনের স্ত্রী পড়ে যান। সেখানে রোলারের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহতের বাড়ি পাশের জেলায়। তাই তার পরিবারের সদস্যরা দ্রুত লাশটি নিয়ে গেছে। ফলে ঘটনাস্থলে গিয়ে কারও সন্ধান পাওয়া যায়নি।
সূত্র: আমাদের সময়
এম ইউ/১৪ জুন ২০২২









