ব্যবসা

কারসাজি করে দাম বাড়ালে দোকান বন্ধ, এফবিসিসিআইয়ের হুঁশিয়ারি

ঢাকা, ২৯ মে – বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে বেশকিছু পণ্যের দাম বেড়েছে। তবে এ পরিস্থিতির সুযোগে কেউ কারসাজি করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে জরিমানা না করে সরাসরি দোকান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন এফবিসিসিআইয়ের নেতারা।

সভায় এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বলেন, পণ্যের মজুত নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করলে তাদের শুধু জরিমানা করা হবে না, ভবিষ্যতে তাদের লাইসেন্স বাতিল ও দোকান বন্ধ করে দেওয়া হবে। যাতে তারা আর ব্যবসা করতে না পারেন।

এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বাজারে মশলাজাতীয় পণ্যের দাম বাড়ছে। কিন্তু সরবরাহে কোনো সংকট নেই। বিশ্ববাজারকে ইস্যু করে কেউ পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে।

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির বিষয়ে মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, সয়াবিন তেলের বাজারে অস্থিরতা রোধে ১৫ দিন পর পর দাম সমন্বয় করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছিল এফবিসিসিআই। কিন্তু সর্বশেষ দাম নির্ধারণ করে দেওয়ার পর ২২ দিন পেরিয়ে গেলেও দাম আর সমন্বয় করা হয়নি। তেল নিয়ে আবার কোনো অস্থিরতা হলে তার দায় ব্যবসায়ীদের থাকবে না।

সম্প্রতি চালের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, সরকার এখন মিলারদের কাছ থেকে চাল নিচ্ছে, এটা সাধুবাদ পাওয়ার মতো। কিন্তু কেউ এটাকে ইস্যু করে চালের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব জেলা চেম্বারকে নির্দেশনা দেওয়া হয়েছে বাজার তদারকি করতে। তদারকিতে অবহেলা করা হলে চেম্বারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এফবিসিসিআই।

মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান (বাবুল) বলেন, যেসব দোকানি পণ্য মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছেন, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে।

সূত্র : আমাদের সময়
এম এস, ২৯ মে


Back to top button
🌐 Read in Your Language