জামালপুরে ৪ হলে ‘গলুই’, অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকা, ০১ মে – ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান। সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছবির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। অবশেষেই সেই গৃহবধূসহ পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন।
এবার তারা দেখবেন শাকিবের পুরো সিনেমা। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পাচ্ছে মহা সমারোহে।
জামালপুর জেলায় কেবলমাত্র একটি সিনেমা হল রয়েছে। সেটি মেলান্দহে। আশা সিনেমা হল। সেখানে দেখা যাবে ‘গলুই’।
এছাড়াও আরও তিনটি নতুন হলে ছবিটি বিশেষ উপায়ে দর্শককে দেখানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতা এস এ হক অলিক। ঈদের দিন থেকে জামালপুর সদরের শিল্পকলা নতুন অডিটোরিয়াম ভবন (শীততাপ নিয়ন্ত্রিত), জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত), জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত) – এ ‘গলুই’ ছবি দেখা যাবে।
অলিক বলেন, ‘আমরা ছবিটির জন্য খুব ভালো সাড়া পাচ্ছি। এরইমধ্যে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। আমরা জামালপুরবাসীদের ছবিটি দেখাতে চাই। তাই একটি পুরনো হলের পাশাপাশি আরও তিনটি হলের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি ঈদে সবার প্রিয় সিনেমা হবে ‘গলুই’।’
সরকারি অনুদানে ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।
সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ ও কণা।
এম এস, ০১ মে









