অস্কারে থাপ্পড়-কাণ্ড নিয়ে তারকাদের প্রতিক্রিয়া

অস্কার অনুষ্ঠানে কমিডিয়ান ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তারকারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ২৮ মার্চ অনুষ্ঠিত হয় হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার আসর। অনুষ্ঠানে জনপ্রিয় কমিডিয়ান ক্রিস রক পুরস্কার দিতে মঞ্চে এসে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করেন।
এই ঠাট্টা হালকাভাবে না নিয়ে দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ সোজা মঞ্চে গিয়ে কষে এক থাপ্পড় মারেন ক্রিস রকের গালে। আকস্মিক এ অনাকাঙ্খিত ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত অতিথিরা।
এমন কাজের জন্য অবশ্য পরে অস্কার কর্তৃপক্ষ ও সহশিল্পীদের কাছে ক্ষমা চেয়ে স্মিথ বলেন, ‘ভালোবাসা তোমাকে পাগলের মতো কাজ করতে বাধ্য করবে।’
এদিকে ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমগুলোয় তারকাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়া উইল স্মিথের পক্ষে এবং বিপক্ষে- এই দুই ভাগে হয়ে পড়েছে। তবে বিপক্ষের পাল্লাটাই বেশি ভারি। অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় স্মিথকে এক হাত নিয়েছেন।
যেমন: রিচার্ড মার্কস টুইট করে লিখেছেন, ‘আমি অস্কারের সেই বিজয়ীকে পছন্দ করব, যিনি কৌতুক বলার জন্য একজন কমেডিয়ানকে চড় মারেন না।’ এমি ও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত কমেডিয়ান ও বেস্টসেলার লেখক ক্যাথি গ্রিফিন টুইটারে লিখেছেন, ‘মঞ্চে উঠে একজন কমেডিয়ানকে চড় মারার ঘটনা খুবই খারাপ এক উদাহরণ। এখন আমি চিন্তিত এই ভেবে, কোনো কমেডি ক্লাব বা থিয়েটার মঞ্চে কে হবেন পরবর্তী উইল স্মিথ।’
বুকার পুরষ্কার বিজয়ী লেখক বার্নার্ডিন এভারিস্টো লিখেছেন, ‘কথার শক্তি ব্যবহার করার পরিবর্তে সহিংসতার অবলম্বন করেছে। আর তারপর দাবি করেছে যে, ঈশ্বর এবং প্রেম তাকে এটা করতে বাধ্য করেছে।’ অভিনেতা জর্জ হান লিখেছেন, ‘এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এভাবে শারীরিক আঘাতের জন্য কি স্মিথের বিরুদ্ধে অভিযোগ আনা হবে? মনে রাখতে হবে, এটা কিন্তু শারীরিক আঘাত।’ অভিনেত্রী সোফিয়া বুশ লিখেছেন, ‘সহিংসতা ঠিক নয়, আঘাত করা কখনোই কোনো উত্তর হতে পারে না।’
অন্যদিকে উইল স্মিথের পক্ষেও কথা বলেছেন অনেকে। ৯৪তম অস্কার আসরে সেরা অভিনেতা হিসেবে অস্কার বিজয়ী উইল স্মিথের স্ত্রী জেডা অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত। এই রোগে মাথার চুল পড়ে যায়। এ কারণেই ন্যাড়া মাথায় অস্কার অনুষ্ঠানে হাজির হোন তিনি। আর তা নিয়ে ক্রিস রক রসিকতায় করায় মেজাজ হারান উইল স্মিথ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) বলেছে, পুলিশের কাছে এখনো কোনো রিপোর্ট দায়ের করা হয়নি। ঘটনা সম্পর্কে এলএপিডি পুরোপুরি জ্ঞাত। পুরস্কার মঞ্চে একজন অন্যজনকে চড় মেরেছেন। তবে তাঁদের একজন পুলিশের কাছে অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। পরে যদি তিনি অভিযোগ জানান, তাহলে পুলিশ পূর্ণ তদন্ত করবে।
এন এইচ, ২৯ মার্চ









