আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন হামজা খান

ঢাকা, ১০ মার্চ – আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন সময়ের আলোচিত মডেল হামজা খান শায়ান। গেলো সোমবার (৭ মার্চ) রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
কোভিড পরিস্থিতির পর অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের বিষয়বস্তু তৈরি শুরু করেন হামজা। খুব অল্প সময়েই তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি পান। ইনফ্লুয়েন্সার তারাই যারা মানুষকে প্রভাবিত করে। সহজ ভাষায়, ‘ইনফ্লুয়েন্সার মার্কেটিং’ ডিজিটাল মার্কেটিং এর একদম সর্বশেষ সংস্করণ বলা যেতে পারে।
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে হাইপড ইনফ্লুয়েন্সারদের একজন হামজা। শুধুমাত্র ব্র্যান্ডের প্রচারই নয়, তিনি পুরুষদের ফ্যাশন সম্পর্কিত নানা বিষয়বস্তু তৈরি করেন। আর তাই ‘স্টার আইকনিক অ্যাওয়ার্ড সিজন ২’ হামজা খান শায়ানকে সেরা ইনফ্লুয়েন্সার (প্রভাবশালী) ২০২২ হিসেবে পুরস্কৃত করেছে।
হামজা বলেন, ‘বর্তমানে ফ্যাশন ব্র্যান্ড এবং বিজ্ঞাপনের কাজ বেশি করা হচ্ছে। এ ধরণের সম্মান প্রাপ্তি কাজের আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি এই পুরস্কারটি আমার সমর্থকদের উৎসর্গ করতে চাই। কারণ তাদের জন্যই আমার এই সফলতা। আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’
সেরা ইনফ্লুয়েন্সার হিসেবে হামজা ছাড়াও এবারের আয়োজনে টিভি ক্যাটাগরিতে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী; চলচ্চিত্রে বিভাগে চিত্রনায়ক সিয়াম আহমেদ, নীরব, চিত্রনায়িকা পরীমণি, অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম; নৃত্য বিভাগে নাদিয়া আহমেদ; চলচ্চিত্র পরিচালক হিসেবে দেবাশীষ বিশ্বাস, চয়নিকা চৌধুরী ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে এফ এম ইকবাল বিন আনোয়ারকে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, প্রায় ৭ বছরের ক্যারিয়ারে টিভিসি, ফ্যাশন শ্যুট ও মিউজিক ভিডিওতে জনপ্রিয়তা পেয়েছেন হামজা খান শায়ান। সবশেষ ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে জাহেদ পারভেজ পাবেলের কন্ঠে ‘সোনাবন্ধু রে’ গানে মডেল হয়ে বেশ সাড়া পেয়েছেন হামজা। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় এতে তার সঙ্গে কেমিস্ট্রি জমান শাকিলা পারভীন।
এম এস, ১০ মার্চ









