ইউরোপ

ফ্রান্সের মন্ত্রীকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুঁশিয়ারি

মস্কো, ০১ মার্চ – রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা কর্মকর্তাদের ভেবেচিন্তে কথা বলতে হুঁশিয়ারি দিয়েছেন।

ফ্রান্সের অর্থমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর কড়া ভাষায় পশ্চিমা কর্মকর্তাদের সমালোচনা করেন মেদভেদেভ।

সঙ্গে তিনি জানিয়ে দেন মানব ইতিহাসে অনেক অর্থনৈতিক যুদ্ধ পরবর্তীতে আসল যুদ্ধে রূপ নিয়েছিল। এ কারণেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট তাদের বুঝে শুনে কথা বলতে হুঁশিয়ারি দিয়েছেন।

টুইটারে এ ব্যাপারে দিমিত্রি মেদভেদেভ বলেন, আজকে ফ্রান্সের কিছু মন্ত্রী বলছে তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। ভেবেচিন্তে কথা বলুন ভদ্রলোকেরা! আর ভুলে যাবেন না মানব ইতিহাসে অর্থনৈতিক যুদ্ধ অনেক সময় আসল যুদ্ধে রূপ নিয়েছে।

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মঙ্গলবার স্থানীয় সময় সকালে ফ্রান্সের ইনফো রেডিওকে জানান, প্যারিস রাশিয়ার বিরুদ্ধে সামগ্রিভাবে অর্থনৈতিক যুদ্ধে জড়াবে।

এদিকে গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language