ফুটবল

৩২ সেকেন্ডে ভ্লাহোভিচের রেকর্ড গড়া গোল, তবুও জেতেনি জুভেন্টাস

ম্যাচ শুরুর মাত্র ৩২ সেকেন্ডে গোল। তারপরও জিততে পারেনি জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তুরিনের বুড়ি।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে অভিষেকে সবচেয়ে কম সময়ে গোলের রেকর্ড গড়েছেন দুসান ভ্লাহোভিচ। আগের রেকর্ডটি ছিল আন্দ্রেস মোলারের। চ্যাম্পিয়নস লিগে অভিষেকে ৩৮ সেকেন্ডে গোল করেছিলেন এই সাবেক জার্মান মিডফিল্ডার।

গত মাসে ফিওরেন্তিনা থেকে ৫৮ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাসে যোগ দেন ভ্লাহোভিচ। ইতোমধ্যে ইতালিয়ান জায়ান্টদের আক্রমণভাগের অন্যতম সেনাপতি হয়ে উঠেছেন ২২ বছর বয়সী তারকা। ভিয়ারিয়ালের মাঠে প্রথম কিক-অফে পর মাঝমাঠ থেকে দানিলোর লম্বা করে বাড়ানো বল বুকে নেন ভ্লাহোভিচ। এরপর দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে তিনি বল পাঠিয়ে দেন জালে। ম্যাচের সময় তখন ৩২ সেকেন্ড!

শুরুর ধাক্কা সামলে গোল শোধে আক্রমণ চালায় ভিয়ারিয়াল। জিওভানি লো সেলসোর স্লাইস শট পোস্টের বাইরে দিয়ে না গেলে সমতায় ফিরতে পারতো স্প্যানিশ ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে উনাই এমেরির দল। এতিয়েঁন কাপোর ভাসিয়ে দেওয়া বলে ডি-বক্সের ভেতরে থাকা দানি পারেয়ো প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান।

জুভদের ভাগ্য, তারা ১১ জন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত খেলতে পেরেছে। স্যামুয়েল চুকুয়েজে যে বিপদজনক ফাউল করে বসেছিলেন আদ্রিয়েন র‌্যাবিয়ট, তাতে প্রায় লাল কার্ড পেতে বসেছিলেন ফরাসি মিডফিল্ডার। তবে জুভদের দুর্ভাগ্য, বড় চোটে মাঠ ছাড়তে হয়েছে ওয়েস্ট ম্যাকেনিকে।

৮৫তম মিনিটে ভ্লাহোভিচ ফের গোলের সুযোগ পেয়েছিলেন। তবে তার শট চলে যায় গোলপোস্টের বাইরে। ইউরোপিয়ান লড়াইয়ে সার্বিয়ান তারকার আগের অভিজ্ঞতা বলতে পার্টিজান বেলগ্রেডের হয়ে ইউরোপা লিগের বাছাইপর্ব খেলা। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।

গত নভেম্বর থেকে অপরাজিত ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যেতে হলে ঘরের মাঠ তুরিনে তাদের জিততে হবে।

সূত্র : দেশ রূপান্তর
এম এস, ২৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language