ঘরের মাঠে জিতে এগিয়ে থাকলো চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। মঙ্গলবার দিবাগত রাতে স্টামফোর্ড ব্রিজে ফ্রান্সের ক্লাব লিলেকে হারিয়েছে।
খেলার ৮ মিনিটের মাথায় চেলসিকে লিড এনে দেন কাই হাভার্টজ। এবং হাফ টাইমের পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান পুলিসিক। আর এ নিয়েই নির্ধারিত সময়ে নিজেদের মাঠে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান কোচ থমাস তুখেলের দল।
ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে এটা চেলসির টানা পঞ্চম জয় এবং এবারও যথারীতি তারা কোনো গোল হজম করেনি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকলো ব্লুজরা। ফিরতি লেগে লিলের মাঠে অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন চেলসিই যে শেষ আটে যাবে সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়।
ঘরের মাঠে প্রথম থেকেই সুযোগ তৈরি করে চলছিলো চেলসি। শুরুতেই দুইটি সুযোগ মিস করেন রোমেরো লুকাকুর পরিবর্তে একাদশে আসা কাই হাভার্টজ। তবে ৮ মিনিটের মাথায় পাওয়া সুযোগটি আর মিস করেননি তিনি। কর্নার থেকে আসা বল হাকিম জিয়েচ বক্সের মধ্যে পাঠান আর সেই বলে হেড দিয়েই জালে পাঠান।
৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিক। এ সময় মাঝ মাঠে বল দখলে নেন এন’গলো কান্তে। তিনি বল নিয়ে সামনে এগিয়ে যান। এরপর বাড়িয়ে দেন পুলিসিককে। তিনি লিলের গোলরক্ষক লিও জার্দিমকে বোকা বানিয়ে বল জড়ান জালে।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি









