কক্সবাজার

সেন্টমার্টিনে আটকা হাজারো পর্যটক

কক্সবাজার, ২১ ফেব্রুয়ারি – প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন হাজারো পর্যটক। বৈরি আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনসহ উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় রোববার থেকে সেন্টমার্টিনে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

তিনি জানান, ৩নং সংকেতের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে ভ্রমণে আসা হাজারেরও অধিক পর্যটক বিভিন্ন হোটেল ও কটেজে আটকা পড়েছে। আটকা পর্যটকদের ইউনিয়ন পরিষদের পক্ষ হতে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের খাদ্য সংকট নেই বলে জানান স্থানীয় চেয়ারম্যান।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সেন্টমার্টিন দ্বীপে এক হাজারের মতো পর্যটক আটকা পড়েছে। তাদের সার্বিক বিষয়ে আমি সরাসরি খোঁজখবর রাখছি এবং সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে দেখাশোনা করতে নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের জাহাজযোগে টেকনাফে নিয়ে আসা হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language