ফুটবল

রেফারিংয়ে হতাশ সালাউদ্দিনও

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – ঘরোয়া ফুটবলে এখন আলোচনায় রেফারি। টানা দুটি ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার হয়েছে বলে বাফুফের কাছে অভিযোগও জানিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ফুটবল ফেডারেশন থেকে কোনো প্রতিকার না পেলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার হুমকি দিয়েছে করপোরেট এ ক্লাবটি।

গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা উদ্বোধন করতে এসে রেফারিং নিয়ে নিজের হতাশার কথা জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ঘরোয়া প্রতিযোগিতায় রেফারিং যে ভালো হচ্ছে না, তা সরাসরিই বলে দিলেন তিনি। আর বাজে রেফারিংয়ের শিকার সাইফ স্পোর্টিং বেশি হয়েছে বলে মন্তব্য করেন ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান, ‘সাইফ ক্রমাগত ভুল রেফারিংয়ের শিকার হয়েছে। পাশাপাশি পুলিশ ও বসুন্ধরা কিংসের ম্যাচে রেফারির সিদ্ধান্ত বসুন্ধরার পক্ষে গেছে। ফুটবলের স্বার্থে আমাকে এটা বলতে হয়েছে। যেটা ফ্যাক্ট সেটা বলতে হবে। গতকাল (শনিবার) হেড অব রেফারিজের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছিলাম। ভিডিও ফুটেজ, আইন নিয়ে নানা ব্যাখ্যা বিশ্নেষণ শুনেছি। এরপর আজও (রোববার) কথা হয়েছে। আমি কোনো ক্লাবের পক্ষে না, আবার বিপক্ষেও না। আমার কাছে সব ক্লাব সমান।’

চলতি মৌসুমে রেফারি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জে সাইফ স্পোর্টিং ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচে। পেনাল্টির সিদ্ধান্ত মানতে না পারা সাইফের খেলোয়াড়রা ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরে এবং প্রতিবাদ জানায়। কিন্তু ম্যাচ শেষে রেফারি ও ম্যাচ কমিশনার চিঠিতে অভিযোগ করেন যে, অধিনায়ক জামাল ভূঁইয়া নাকি রেফারিকে লাথি মেরেছেন। এরপর ভিডিও ফুটেজসহ সবকিছু বিশ্নেষণ করে বাফুফে ডিসিপ্লিন কমিটি এর সত্যতা পায়নি। এর পরই মূলত রেফারি বিটুরাজকে বহিস্কার করে ফেডারেশন।

মোহামেডানের বিপক্ষে পরের ম্যাচেও রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ জানায় সাইফ। এর পরই আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দেয় তারা। রেফারিং পরিস্থিতি উন্নতির চেষ্টা করা হচ্ছে বলে জানান সালাউদ্দিন, ‘রেফারিদের সঙ্গে আমরা বসছি। আলোচনা করছি। চ্যাম্পিয়ন ও রেলিগেশন ফাইটের ম্যাচগুলোতে বিদেশি রেফারি আনার চেষ্টা করছি।’

প্রিমিয়ার লিগ শুরুর আগে বিদেশি রেফারি আনার কথা বলেছিলেন সালাউদ্দিন। এখন পর্যন্ত তার বাস্তবায়ন করতে পারেননি তিনি। কেন পারেননি তার ব্যাখ্যাও দিলেন বাফুফে সভাপতি, ‘করোনা পরিস্থিতিতে অনেক কিছুই জটিল। বিদেশি রেফারি আনতে খরচের বিষয়ও রয়েছে। এরপরও অফিস চেষ্টা চালাচ্ছে, বিভিন্নভাবে যোগাযোগ করছে।’

সূত্র : সমকাল
এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language