ফের হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

আবারো হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কোলনে টিউমার থাকার কারণে কেমোথেরাপি নিতে হচ্ছে পেলেকে। সাও পাওলোর এক হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কিংবদন্তি এই ফুটবলার নিজেই জানিয়েছেন, তাকে কোলন টিউমারের চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। প্রতি মাসেই তাকে কেমোথেরাপি নিতে হয়। আর তার জন্যই রোববার ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে কিংবদন্তি ফুটবলারকে।
পেলে তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন- বন্ধুরা, যেহেতু আমাকে প্রতি মাসে এটা (ফলোআপ) করাতে হচ্ছে, তাই আমার চিকিৎসা চালিয়ে যেতে হাসপাতালে যাচ্ছি।
তিনি আরও লিখেছেন- আমি ইতোমধ্যেই একটি বড় টিভি এবং পপকর্ন অর্ডার করেছি। যাতে আমি পরে সুপার বোল (রাগবি) দেখতে পারি। যদিও আমার বন্ধু টমব্র্যাডি খেলছে না, তবুও আমি ম্যাচটি দেখব। ভালোবাসায় পরিপূর্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।
গত বছরই ৮১ বছরের তারকা ফুটবলারের শরীরে কোলন টিউমার ধরা পড়েছিল। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বাদ দেওয়া হয় তার শরীর থেকে। তবে এখনো কেমোথেরাপি নিতে হচ্ছে ফুটবল সম্রাটকে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি









