মডেলিং

৫ বিজ্ঞাপনে লাক্স সুন্দরী লিউনা লুভাইনা

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – লাক্স সুন্দরী লিউনা লুভাইনা বছর শুরু করেছেন বিজ্ঞাপন দিয়ে। গেল কয়েক দিনের মধ্যেই শেষ করেছেন চারটি বিজ্ঞাপনের কাজ, চলতি সপ্তাহে অংশ নেবেন আরও একটিতে।

বিজ্ঞাপনগুলো হলো- মিল্কভিক ইনসুরেন্স, মোজো ড্রিংকস, কিডস ডায়াপার ও ই-পাসপোর্ট। এগুলো নির্মাণ করেছেন জয়নুল আবেদীন শিশির, রাসেল শিকদার ও সুজন সরকার। প্রাণ চানাচুরের নতুন একটি বিজ্ঞাপনে অংশ নেবেন আগামী শনিবার।

লিউনা লুভাইনা বলেন, ‘আমার বিজ্ঞাপনে কাজ করতে সবসময়ই একটু বেশি ভালো লাগে। নাটকের চেয়ে বিজ্ঞাপনে কাজ করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কাজ করেও আরাম পাই। এরজন্য বিজ্ঞাপনের প্রস্তাব আসলে সুযোগ থাকলে চেষ্টা করি করার। ডাক্তারি পেশার বাইরে সময় সুযোগ করেই কাজ করতে হয় আমাকে। এরমধ্যে অনেকগুলো কাজের প্রস্তাব আসলেও ব্যস্ততার কারণে ফিরিয়ে দিতে হয়েছে বা হয়।’

বর্তমানে লিউনা ব্যস্ত রয়েছেন বিপিএল শো নিয়ে। টি-স্পোর্টস চ্যানেলের ‘স্ট্রেইট ড্রাইভ’ শো সঞ্চালনা করছেন। এর আগে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটার আশরাফুলের সঙ্গে ‘সিলি পয়েন্ট উইথ অ্যাশ’ শো সঞ্চালনা করেন।

ক্রিকেট বিষয়ক শো সঞ্চালনা নিয়ে লিউনা বলেন, ‘এ ধরণের শো করতে হলে প্রচুর স্টাডি করতে হয়, জানতে হয়। আমি যথেষ্ট সুযোগ পেয়েছি এ বিষয়ে স্টাডি করার। প্রচুর পড়াশোনা করেছি ক্রিকেট নিয়ে, পর্যাপ্ত জ্ঞান নিয়ে তবেই শো সঞ্চালনা শুরু করি। এটা আমার জন্য খুবই চমৎকার একটা অভিজ্ঞতা।’

‘আমি মাঝে রেডিও শো হোস্ট করেছিলাম কিছুদিন। সেখানে কাজ করতে গিয়ে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছিলো। আমাকে তখন অনেকেই বলেছিলো আমি নাকি কথা বলতে পারিনা ঠিকমত, আমার উপস্থাপনা ভালো হয় না। এখন তাদের অনেকেই আমাকে বিভিন্ন অনুষ্ঠানে শো করতে বলেন। আমার কাছে মনে হয়, কথায় নয়, দিনশেষে কাজই প্রমাণ করবে সবকিছু। সামনে নতুন আরেকটা শো সঞ্চালনা করবো ‘স্পোর্টস স্পেস’ নামে।’

প্রসঙ্গত, পেশায় দন্ত চিকিৎসক হলেও প্রায় অনেকদিন ধরেই শোবিজের সঙ্গে জড়িত লিউনা লুভাইনা। ২০১২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগীতায় অংশ নিয়ে সেরা বিশে অবস্থান করেন তিনি। এরপর বেশ কিছু ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন। মাঝে প্রায় ৫ বছর শোবিজ থেকে বিরতি নিয়েছিলেন।

এরপর ২০১৭ সালের শেষদিকে আবার কাজে ফিরেন। এখন পর্যন্ত প্রায় ২৫টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। অভিনয় করেছেন ২০টিরও বেশি নাটকে। এছাড়াও তিনি কাজ করেছেন ভয়েজ আর্টিস্ট হিসেবে। মডেলিং কিংবা ছোটপর্দায় অভিনয়ের বাইরেও তাকে দেখা গিয়েছে বড় পর্দায়। শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমায়ও অভিনয় করেছেন এ লাক্স সুন্দরী।

এন এইচ, ০৪ ফেব্রুয়ারি

 


Back to top button
🌐 Read in Your Language