হুইপ সামশুল হকের দেশত্যাগের নিষেধাজ্ঞা স্থগিত

ঢাকা, ১৮ জানুয়ারি – দুর্নীতি দমন কমিশনের করা অভিযোগে অনুসন্ধান চলাকালে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনী ক্লাবের সেক্রেটারি জেনারেল সামশুল হক চৌধুরী বিদেশ যেতে পারবে না মর্মে বিচারিক (নিম্ন) যে আদেশ দিয়েছিলেন সেটি স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে তার ওপর নিষেধাজ্ঞার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সংক্রান্ত আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হারুনর রশিদ।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৮ জানুয়ারি









