অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, কার্যকর ১৫ জানুয়ারি

ঢাকা, ১১ জানুয়ারি – আগামী ১৫ জানুয়ারি (শনিবার) থেকে নতুন নিয়মে ট্রেন চলাচল শুরু হবে। এদিন থেকে ট্রেনগুলো অর্ধেক যাত্রী পরিবহন করবে। নতুন নিয়ম অনুযায়ী ৫০ শতাংশের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মোঃ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়-
১. যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনে বিদ্যমান আসনসংখ্যার অর্ধেক টিকিট বিক্রি;
২. আসনসংখ্যার অর্ধেক (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি অর্ধেক আসনের (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট মোবাইল অ্যাপ/অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে;
৩. আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে;
৪. ইতিপূর্বে রেল মন্ত্রণালয়ের অনুমােদিত ইমার্জন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাস কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সকল প্রকার কোটা বাতিল করা হয়েছে;
৫. কাউন্টারে টিকিট ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে;
৬. প্রচলিত নিয়মানুযায়ী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে;
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১১ জানুয়ারি ২০২২









