ঢালিউড

খেলতে পারেন না মাহি, স্বামীর ভিডিও করেই সময় কাটল

ঢাকা, ২০ ডিসেম্বর – গান, নাচ, মারামারি থেকে শুরু করে গাড়ি ও বাইক চালানো কিংবা খেলাধুলার মতো অনেক কিছুই শিখতে হয় নায়ক-নায়িকাদের। এগুলোর মধ্যে অনেক কিছুতে দক্ষ জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও। কিন্তু একটি খেলা একেবারেই পারেন না তিনি। সেটি হলো ব্যাডমিন্টন।

এই খেলাটি বেশিরভাগ সময় রাতে খেলা হয়। তাই রাতের বেলায় কর্ক চোখে দেখেন না মাহি। এজন্যই নাকি ব্যাডমিন্টন খেলতে পারছেন না তিনি।

পরপর দুইদিন রাতে ফেসবুক লাইভে আসেন মাহি। তাতে দেখা গেল, তার স্বামী রাকিব সরকার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন। আর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আমি কর্ক চোখে দেখি না, তাই খেলতে পারি না।’

এর আগে গত শনিবার রাতে প্রথম লাইভ করেন মাহি। সেই ভিডিওর কমেন্টে আবার স্বামীর সঙ্গে দুষ্টুমি করতেও দেখা যায় তাকে। তার স্বামী রাকিব মন্তব্য করেন, ‘আমরা জিতেছি’। বিপরীতে মাহি লেখেন, ‘কে জানি বলল, তুমি দুই পয়েন্ট চুরি করেছ!’

স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই খুনসুটি করেন মাহি। কখনও আবার গানের ছন্দে বিনিময় করেন ভালোবাসা। ভক্তরাও এসব দেখে আনন্দ পান।

এন এইচ, ২০ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language