মানিকগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

মানিকগঞ্জ, ২০ ডিসেম্বর – সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়ে সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জ সদর আমলি আদালতে এই মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন খান।
মামলার অন্য আসামিরা হলেন, অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের সাক্ষাতকার নেওয়া মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।
মানিকগঞ্জের আদালতের আইনজীবী সমিতির সভাপতি মেজবাউল হক বলেন, মামলার আবেদনের ওপর শুনানি হয়েছে। আদালতের বিচারক এলিনা বেগম পরে আদেশ দেবেন। এই ক্ষেত্রে মামলা চলতে পারে অথবা তদন্তের জন্য দিতে পারেন আদালত। আসামিদের বিরুদ্ধে সমন জারিও হতে পারে।
মামলার বাদী আজাদ হোসেন খান মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এবং জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)। এজাহারে তিনি উল্লেখ করেন, ১ ডিসেম্বর জনৈক নাহিদ হেলাল মুরাদ হাসানের সাক্ষাতকার নেন এবং তা তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন। এ ঘটনায় বাদী মর্মাহত হয়ে আজ সোমবার মামলা করেন। দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫ ও ৫০৯ ধারায় এই মামলার আবেদন করা হয়।
বাদী আজাদ হোসেন খান বলেন, আদালতে মামলার এজাহারের শুনানি হয়েছে। বিচারক আদেশ পরে দেবেন। এই মামলায় আটজনকে সাক্ষী করা হয়েছে। মামলায় বিচারক কী আদেশ দেন সেই অপেক্ষায় আছি।
সূত্র : আরটিভি
এম এস, ২০ ডিসেম্বর









