ঠাকুরগাঁও

স্কুলের মাঠে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস

ঠাকুরগাঁও, ১৭ ডিসেম্বর – আসন্ন ২৬ তারিখের ইউপি নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের ২০টি ইউনিয়নে চলছে প্রচার-প্রচারণা। ভোটারদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন পন্থা অবলম্বন করছে প্রার্থীরা। তবে এবার একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই নৌকা মার্কার নির্বাচনী অফিস গড়ে তুলেছেন প্রার্থীর সমর্থকরা।

এমনি দৃশ্য চোখে পড়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কুশলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়াও নির্বাচনী অফিস সর্বোচ্চ ৩টি থাকার নিয়ম থাকলেও ইউনিয়ন ঘুরে ১১টি নৌকার অফিস চোখে পড়েছে।

বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, যথাযথভাবে স্কুল চলছে। কিছু শিশু স্কুলের মাঠে খেলছে। আর স্কুলের মাঠের ঠিক সামনে একটি নৌকা মার্কার নির্বাচনী অফিস গড়ে তোলা হয়েছে। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও নির্বাচনী কর্মকর্তা।

এ নিয়ে কথা হয় স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সাথে। তিনি বলেন, স্কুলের মাঠে নির্বাচনী অফিসের কোনো অনুমতি আমার কাছে নেয়া হয়নি। যখন মাঠে অফিস নির্বাচনের কাজ চলছিলো, আমি বাধা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি। সাথে সাথে স্কুলের সভাপতি ও সহকারী শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছি।

এ বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও স্কুল সভাপতির সাথে যোগাযোগ করা যায়নি।

কুশলগাঁও প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন জানান, স্কুলের মাঠে অফিস নির্মাণের অভিযোগ পেয়েছি। তবে এখনও দেখিনি। স্কুলে গিয়ে অফিসটি দেখে যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে।

রুহিয়া পশ্চিম ইউনিয়নে নৌকার প্রার্থী অনিল কুমার সেনের কাছে স্কুলের মাঠে অফিসের বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, সেখানে কোনো অফিস থাকার কথা না। কে সেই অফিস নির্মাণ করেছে তা খোঁজ নেয়া হবে।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পর কোনো সরকারি প্রতিষ্ঠানের মাঝে নির্বাচনী অফিস করা যাবে না। কোনো সভা সমাবেশ করার বিধানও নেই। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language