বিজ্ঞান ও প্রযুক্তি

আয় বাড়লেও সামনে কঠিন দিন দেখছে ফেসবুক

চলতি বছর করোনা মহামারির কারণে ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে। কিন্তু এ বছর বিজ্ঞাপন থেকে আয় বাড়লেও সামনে কঠিন দিন দেখছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। তাই প্রতিষ্ঠানটিকে ২০২১ সালের আয় নিয়ে এখন থেকেই দুশ্চিন্তা করতে হচ্ছে।

বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) ফেসবুকের রাজস্ব ২২ শতাংশ বেড়ে ২ হাজার ১৪৭ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

তবে বাজার বিশ্লেষকেরা ধারণা করেছিলেন যে, বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের সর্বোচ্চ ১২ শতাংশ রাজস্ব হবে। কিন্তু ফেসবুক আরো বেশি আয় করেছে। এই আয় বাড়ার কারণ করোনা মহামারিতে ফেসবুকের বিজ্ঞাপনের ওপর ব্যবসাগুলোর নির্ভরতা বেড়ে যাওয়া।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অ্যাপলের প্ল্যাটফর্মে প্রাইভেসি পরিবর্তন ও করোনা পরবর্তী সময়ে অনলাইন কমার্সের বিস্তৃতি। এসব ফেসবুকের আয়ের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এখন তাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিতের পথে হাঁটছে বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার

ফেসবুক বলছে, অনলাইন কমার্সের বৃদ্ধি বিজ্ঞাপন বয়ে এনেছে। কিন্তু এটা বদলে গেলে আগামী বছর তাদের আয়ের ওপর প্রভাব পড়বে।

ফেসবুক কর্তৃপক্ষ আরো বলছে, আয় নিয়ে তাদের উদ্বেগ থাকলেও ফেসবুক ব্যবহারকারী বেড়েই চলেছে। গত প্রান্তিকে তাদের মোট ব্যবহারকারী ২৭৪ কোটিতে দাঁড়িয়েছে।

‘ফেসবুকের তৃতীয় প্রান্তিকের মূল আয় এসেছে বিজ্ঞাপন থেকে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় ছিল ১ হাজার ৭৬৫ কোটি মার্কিন ডলার। সে তুলনায় পরের তিন মাসে ২২ শতাংশ আয় বেড়েছে।’

গত জুলাই মাসে ফেসবুক থেকে অনেক বড় ব্র্যান্ড বিজ্ঞাপন বয়কট করেছিল। কিন্তু এতে ফেসবুকে খুব বেশি প্রভাব পড়েনি। কারণ ফেসবুকের মূল আয় আসে ছোট বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে।

এন এইচ, ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language