উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২৫০ টন অবৈধ গাঁজা জব্দ

ওয়াশিংটন, ২১ নভেম্বর – যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে পুলিশ ২৫০ টন অবৈধ গাঁজা জব্দ করেছে। হোয়াইট সিটির কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল গুদামে অভিযান চালিয়ে পুলিশ এগুলো জব্দ করে। রোববার (২১ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওরেগন রাজ্যের পুলিশ শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ড্রাগ এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার ওই এলাকার পাঁচটি গুদামে অভিযান শুরু করে। এসময় তারা সেখানে কয়েকজন অভিবাসীসহ প্রায় ১০০ জনের সন্ধান পায়। তারা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিল। পুলিশ এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় বেশ অবাক হয়েছে।

পুলিশের ড্রাগ এনফোর্সমেন্টের দলটি দুইদিনব্যাপী অভিযানে আগ্নেয়াস্ত্রসহ প্রায় পাঁচ লাখ পাউন্ড গাঁজা উদ্ধার করে। ওরেগন রাজ্যের পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৫০ কোটি ডলার।

হোয়াইট সিটি হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যর কাছে জ্যাকসন কাউন্টির একটি ছোট এলাকা। ওই অঞ্চলে ব্যাপক গাঁজার চাষ হয়। মাদকের অবাধ বিস্তারের কারণে এখানে অপরাধের সংখ্যাও অনেক বেশি। সেখানে ছুরিকাঘাত, ডাকাতি, চুরি, নরহত্যা, যৌন অপরাধ ও মোটর গাড়ি দুর্ঘটনা প্রায়ই ঘটছে। যা মূলত মাদককে কেন্দ্র করেই ঘটে বলে জানা গেছে।

এর আগে অক্টোবরে দক্ষিণ ওরেগনে বেআইনি গাঁজার খামারগুলোর বৃদ্ধির জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তখন পুলিশ অভিযান চালিয়ে ২টন গাঁজা উদ্ধার করেছিল। ধ্বংস করা হয় গাঁজা চাষের ১৭ হাজার ৫০০ পাত্র।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২১ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language