রসনা বিলাস

ডাবল চকলেট বানানা ব্রেড রেসিপি

সারাবছর বাড়িতে খাওয়া হয় কলা। মাঝে মাঝে কিছু কলা বেশি পেকে গেলে সেটাকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু এই কলা ফ্রিজারে রেখে দিয়ে আপনিও তৈরি করে নিতে পারেন সুস্বাদু বানান ব্রেড। দারুন ফ্লেভারের তুলতুলে নরম এই ব্রেড কেকের চাইতে কম মজা নয়। আর এর সাথে চকলেটের মিশেলে তা ব্রেকফাস্ট থেকে অতিথির টেবিলে পর্যন্ত আপ্যায়ন করতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটি।

উপকরণ
১। আধা কাপ ভেজিটেবল অয়েল
২। ১ কাপ চিনি
৩। ২টি ডিম
৪। ৩টি মাঝারি পাকা কলা, চটকে নেওয়া
৫। পৌনে দুই কাপ ময়দা
৬। আধা চা চামচ বেকিং পাউডার
৭। ১ চা চামচ বেকিং সোডা
৮। আধা চা চামচ লবণ
৯। আধা কাপ কোকো পাউডার (মিষ্টি ছাড়া)
১০। সিকি কাপ দুধ
১১। আধা কাপ চকলেট চিপস
১২। আধা কাপ আখরোট বাদাম ভাজা

প্রণালী
১। ৩৫০ ডিগ্রিতে প্রিহিট হতে দিন ওভেন। একটি ৯x৫x৩ ইঞ্চির পাউরুটির বেকিং প্যানে তেল মাখিয়ে রাখুন।

২। ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার এবং লবণ চেলে নিন একটি মাঝারি পাত্রে। ভালো করে মিশিয়ে রাখুন।

৩। আরেকটি পাত্রে মিক্সারের সাহায্যে মিশিয়ে নিন তেল এবং চিনি। একটি একটি করে  ডিম দিন। ফুলো ফুলো হয়ে আসা পর্যন্ত বিট করে নিন। এরপর এতে চটকানো কলা দিয়ে মিশিয়ে নিন।

৪। তরল মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণ মিহি হয়ে এলে দুধ দিয়ে মিশিয়ে নিন। এরপর এতে চকলেট চিপস এবং বাদাম দিয়ে ফোল্ড করে নিন।

৫। এই ব্যাটার বেকিং টিনে দিয়ে ৫০ মিনিট বেক করে নিন। ভেতরে একটি টুথপিক দিয়ে দেখুন কাঁচা আছে কিনা। কাঁচা থাকলে আরও ১০ মিনিট বেক করে নিন।

৬। ওভেন থেকে বের করে ঠাণ্ডা করে নিন ৫ মিনিট। ঠাণ্ডা হয়ে এলে ব্রেড বের করে নিন। সকালে নাশতার সাথে পরিবেশন করতে পারেন অথবা আইসক্রিমের সাথে অতিথিকে দিতে পারেন।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language