রসনা বিলাস

স্বাস্থ্যকর ভেজিটেবল শিক কাবাব রেসিপি (ভিডিও সংযুক্ত)

গরুর মাংসের শিক কাবাব- আহা, শুনেই ক্ষুধা পেয়ে যায় অনেকের। কিন্তু গরুর মাংস খাওয়া মানা, অ্যালার্জি আছে অথবা ভেজিটেরিয়ান এমন মানুষ কী করবেন? চলুন দেখে নিই একেবারেই আমিষবিহীন একটি শিক কাবাবের রেসিপি। খুব কম উপকরণে এবং কম ঝামেলায় তৈরি হবে এই ভেজিটেবল শিক কাবাব। বেক করে নেওয়া হয় বলে এর পুষ্টিগুণও থাকে অটুট।

উপকরণ
– ১টি মাঝারি গাজর, মিহি কুচি
– ৬/৮টি ফ্রেঞ্চ বিনস, মিহি কুচি
– সিকি কাপ বাঁধাকপি, মিহি কুচি
– সিকি কাপ মটরশুঁটি
– ২টি মাঝারি আলু, সেদ্ধ করে চটকে নেওয়া
– ১ টেবিল চামচ তেল
– আধা চা চামচ শাহি জিরা
– ১ ইঞ্চি পরিমাণ আদা মিহি কুচি
– ১/২টি কাঁচামরিচ মিহি কুচি
– লবণ স্বাদমতো

মাখানোর জন্য
– দেড় টেবিল চামচ বেসন
– ১ টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো
– ৩ তেবিল চামচ ব্রেড ক্রাম্ব
– আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো
– সিকি চা চামচ এলাচ গুঁড়ো
– আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
– পরিবেশনের জন্য টাটকা পুদিনা পাতা

প্রণালী
১) একটি নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে শাহী জিরা দিয়ে সাঁতলে নিন। সুন্দর সুবাস এলে আদা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

২) এতে গাজর, ফ্রেঞ্চ বিনস, বাঁধাকপি এবং মটরশুঁটি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন কয়েক মিনিট। এরপর এতে হলুদ গুঁড়ো এবং লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন। ১-২ মিনিট ভেজে নিন। এরপর প্লেটে নামিয় একটু ঠান্ডা করে নিন।

৩) এই সবজির মিশ্রণ গ্রাইন্ড করে নিন, একেবারে মিহি করবেন না।

৪) ঐ একই প্যান আবার গরম করে নিন। এতে বেসন দিয়ে একটু টেলে নিন। ভাজা-ভাজা গন্ধ এলে এতে কাজুবাদাম গুঁড়ো দিয়ে ১-২ মিনিট টেলে নিন।

৫) এতে গ্রাইন্ড করা সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ একটি বাটিতে নামিয়ে একটু ঠান্ডা করে নিন।

৬) এতে দিয়ে দিন চটকানো আলু, ব্রেডক্রাম্ব, গমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, লবণ এবং গরম মশলা গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিন। ছোট ছোট বল তৈরি করে টুথপিকে গেঁথে নিতে পারেন অথবা শাসলিক স্টিকে বড় করে শিক কাবাব তৈরি করতে পারেন।

৭) ১৮০ ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে ১০-১২ মিনিট বেক করে নিন এই শিকগুলোকে।

গরম গরম পরিবেশন করুন পুদিনা পাতা, পিঁয়াজ এবং ধনেপাতার চাটনির সাথে। ভালো করে বুঝতে দেখে নিতে পারেন রেসিপির ভিডিওটি।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language