পাক ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

ইসলামাবাদ, ২৯ সেপ্টেম্বর – পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহীর পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ওয়াসিম খান। জনপ্রিয় এই সংগঠক দীর্ঘ সময় ধরে পিসিবির এই গুরুদায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার সকালে এক বিবৃতি দিয়ে ওয়াসিমের পদত্যাগের খবর নিশ্চিত করে পিসিবি বোর্ড। পদত্যাগের ব্যাপারে আলোচনা করতে বিকালে বোর্ড অব গভর্নরদের একটি বৈঠক হবে।
পদত্যাগের পেছনে ‘ক্ষমতা কমে যাওয়া’কে কারণ হিসেবে দেখিয়েছেন ওয়াসিম। মঙ্গলবার তিনি পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন।
পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে ৫০ বছর বয়সী ওয়াসিম খানের পদত্যাগ তাদের ক্রিকেট বোর্ড নিয়ে নতুন সমালোচনার বিষয় তৈরি করেছে। পাকিস্তানের বিশ্বকাপ কাপ দল নিয়ে সমালোচনায় ছিল পিসিবি। কয়েকজন ক্রিকেটারের দল অন্তর্ভুক্তি নিয়ে পাকিস্তান ক্রিকেটে আলোচনার ঝড় উঠে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ সেপ্টেম্বর









