আইন-আদালত

ফোনে আড়ি পাতা ও ফাঁস হওয়া বন্ধে রিট খারিজ

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – ফোনে আড়ি পাতা ও ফোনালাপ ফাঁস বন্ধের জন্য করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব।

গত ১০ আগস্ট ফোনে আড়ি পাতা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। রিটে ফোনালাপ ফাঁসের সুনির্দিষ্ট কয়েকটি ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন। আবেদনে বিবাদী করা হয়েছিল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে।

শিশির মনির বলেন, গত ২২ জুন এ বিষয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের কোনো প্রতিকার না পাওয়ায় রিটটি করা হয়।

রিটকারী আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাভিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দীকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, মুস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না), ইমরুল কায়েস ও একরামুল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language