আইন-আদালত

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের স্ত্রী কারাগারে

ঢাকা, ২৩ সেপ্টেম্বর – অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মো. আব্দুল মালেকের স্ত্রীর নার্গিস বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নার্গিস বেগম। তার পক্ষে অ্যাডভোকেট শাহীনুর ইসলাম জামিন শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল গত ১৫ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে আব্দুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেকের ৩০ বছর কারাদণ্ড

এক মামলায় বলা হয়, আসামি আবদুল মালেক (বর্তমানে বরখাস্ত) চাকরিকালীন সময়ে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মোট এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার স্থাবর-অস্থাবর অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘোষণা দিয়েছেন।

অপর মামলায় আব্দুল মালেকসহ তার স্ত্রী নার্গিস বেগমকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ পরিমাণ সম্পদ আসামি নার্গিস বেগমের ভোগদখলে রাখার ক্ষেত্রে স্বামী আবদুল মালেক প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। তাদের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি করা হয়।

গত ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলার দুই ধারায় ১৫ বছরে করে মালেককে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language