আইন-আদালত

৪৯ মামলার আসামি কাঞ্চনের রিট কার্যতালিকা থেকে বাদ

ঢাকা, ২১ সেপ্টেম্বর – নারী নির্যাতন, ধর্ষণ, মানবপাচারসহ ৪৯ মামলার আসামি রাজধানীর শান্তিনগরের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের রিট মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আপিল বিভাগে এটি স্থগিত হয়ে যাওয়ায় হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম কে রহমান ও অ্যাডভোকেট শেখ ওমর শরীফ।

শেখ ওমর শরীফ উপস্থিত সাংবাদিকদের বলেন, ৪৯ মামলার আসামি একরামুল হক কাঞ্চনের দায়ের করা রিট মামলাটি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মামলাটি আজ (মঙ্গলবার) আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকার ২ নম্বরে ছিল। আপিল বিভাগে মামলাটির অন্তর্বর্তীকালীন আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় হাইকোর্ট মামলাটিতে আর কোনো আদেশ না দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের হয়। এসব মামলায় বেশ কিছুদিন কারাভোগ করেন তিনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন কাঞ্চন। তার দাবি, দায়ের করা সব মামলাই ভুয়া। রিট আবেদনের শুনানি নিয়ে মামলার বাদীদের খুঁজে বের করতে গত ১৪ জুন সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। গত ৫ সেপ্টেম্বর আপিল বিভাগ সিআইডিকে তদন্ত করতে দেওয়া আদেশসহ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশটি সব মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। এদিন (মঙ্গলবার) হাইকোর্টে আপিল বিভাগের আদেশের সার্টিফায়েড কপি দাখিল করা হয়।

আপিল বিভাগের আদেশ দেখে হাইকোর্ট বলেন, যেহেতু আবেদনকারীর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে তাই এ মুহূর্তে রিট মামলায় অন্য কোনো আদেশ প্রদান করা সম্ভব নয়। এই বলে হাইকোর্ট মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/২১ সেপ্টেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language