জাতীয়

আমাকে বাবা-মায়ের কবরের পাশে যেন সমাহিত করা হয়: জি এম কাদের

রংপুর, ২৬ অক্টোবর- সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমি মারা গেলে আমাকে আমার বাবা মার কবরের পাশে যেন সমাহিত করা হয়। আমি আগাম বলে গেলাম, কেন না কবর দেওয়া নিয়ে যেন কোনও বিতর্ক তৈরি না হয়। তিনি রবিবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা মরহুম মকবুল হোসেন অ্যাডভোকেট ও মা মজিদা খাতুনের কবর জেয়ারত করতে এসে একথা বলেন।

জিএম কাদের তার বাবা মার কবরের পার্শ্বেই জায়গা রেখে দেওয়োর জন্য রংপুর সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখানে যেন ইট দিয়ে গাঁথুনি করে জায়গা নির্ধারণ করে রাখা হয়। কারণ আমি চাই না আমি মারা যাওয়ার পর কোথায় কবর দেওয়া হবে তা নিয়ে কোনও বিতর্ক হোক।

এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার বাবা মার কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও জাপা নেতা আজমল হোসেন লেবুসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।

কবর জেয়ারত শেষে জিএম কাদের রংপুর সার্কিট হাউজে আগত দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিয়ের সময় বলেন, দলে কোনও গ্রুপিং, কোন্দল চলবে না। আমি এসব করতে দেবো না। যে সব জায়গায় এ ধরনের সমস্যা আছে আমি সমাধান করার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপি নয়, জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে। দল শক্তিশালী করতে পারলে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবো।

আরও পড়ুন:  সেনাপ্রধানের সোশ্যাল মিডিয়ায় কোনো আইডি নেই: আইএসপিআর

এ সময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে তিনি নগরীর কালিবাড়ি, ধর্মসভাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/ ২৬ অক্টোবর


Back to top button