মধ্যপ্রাচ্য

তালেবান সরকারকে স্বীকৃতি দেবে তুরস্ক

আঙ্কারা, ২০ আগস্ট – আফগানিস্তানের রাজধানী কাবুল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। রোববার (১৫ আগস্ট) কাবুল নিয়ন্ত্রণের পর তালেবানরা সরকার গঠন করার চেষ্টা করছে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তালেবান সরকার গঠনের পর তাদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঙ্কারা।

এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার (২০ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়ো করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়। তালেবানের সঙ্গে তুরস্কের যোগাযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলে প্রবেশের আগে তাদের রাজনৈতিক শাখার নেতাদের তুরস্ক আমন্ত্রণ জানিয়েছিল।

এর আগে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার পরিকল্পনা বাদ দিয়েছে আঙ্কারা। আফগানিস্তানের ওপর তালেবান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর দেশটিতে যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল তারপর তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক আরও জানিয়েছে, কাবুল বিমানবন্দরে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে আঙ্কারাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে আমেরিকার সাথে নতুন করে আলোচনা করা হবে।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। তুরস্ক বলছে, বিষয়টিতে তালেবান এ পর্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আশা করা হচ্ছে তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language