ক্রিকেট

মোস্তাফিজকে কেন খেলতে পারেননি অসিদের কাছে সে প্রশ্ন তুলেছে অস্ট্রেলীয় গণমাধ্যম

ঢাকা, ০৫ আগস্ট – প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনে কাবু হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। নাসুম আহমেদের ঘূর্ণিবল বুঝেই উঠতে পারেনি অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা।

এ জন্য বেশ কয়েকটি অযুহাতও দাঁড় করালেন অসি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। বলেছিলেন,সদ্য খেলে আসা ওয়েস্ট ইন্ডিজের স্পিনবান্ধব উইকেটের চেয়েও জটিল বাংলাদেশেরটি। মিরপুরের পিচে বল টার্নের পাশাপাশি স্কিডও করে। তাই এর আগে কখনও না খেলা স্পিনারের (নাসুম) ডেলিভারিগুলো খেলতে বেগ পেতে হয়েছে তাদের।

কিন্তু এবার কি বলবেন? দ্বিতীয় ম্যাচে দেখা গেছে, পেসার মোস্তাফিজে কুপোকাত অসি ব্যাটসম্যানরা। মিরপুরের মন্থর উইকেটে মোস্তাফিজের স্লোয়ার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেশ বিপাকে ফেলেছে অসিদের। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

মোস্তাফিজকে কেন খেলতে পারেননি ফিলিপ- ওয়েডরা সে প্রশ্ন তুলেছে অস্ট্রেলীয় গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই কাটার মাস্টার তো অসিদের কাছে অপরিচিত নন। তাকে অনেক খেলেছে ও দেখেছে অসিরা। তবুও মোস্তাফিজের স্লোয়ার-কাটার বুঝতেই পারেনি অসি ব্যাটসম্যানরা।

এ নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘মোস্তাফিজ ১৪৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং আইপিএলে খেলেছেন তিনটি দলে। কিন্তু সফরকারী দলের কয়েকজন তাকে এমনভাবে খেলেছে, যা দেখে অনেকের ১৯৯৩ সালে দুর্ভাগা ইংল্যান্ড ব্যাটসম্যানদের শেন ওয়ার্নের মুখোমুখি হওয়ার ব্যাপারটি মনে পড়তে পারে—তখনো তাকে কেউই সেভাবে বুঝে উঠতে পারেনি।’

সূত্র: যুগান্তর
এম ইউ/০৫ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language