সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

সাতক্ষীরা, ১২ জুলাই- সাতক্ষীরায় বেড়েই চলেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গতকাল রবিবার (১১ জুলাই) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪২৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ভোর রাত পৌনে ১টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় ফের কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৮ শতাংশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১১তম দিন। শহরের হাট বাজারগুলোতে লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সড়কেও বেড়েছে ছোট ছোট যানচলাচল ও লোকসমাগম। শহরের অধিকাংশ দোকানপাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছে। এছাড়া জেলার অধিকাংশ এলাকায় করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্যবিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। এর ফলে করোনা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সরকারি বিধি নিষেধ অমান্য করায় গতকাল লকডাউনের ১১ দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ অভিযানে ৩৮টি মামলায় ২৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছেন।
সূত্রঃ ইত্তেফাক
আর আই









