কক্সবাজার

নাফ নদী থেকে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

ইকরাম চৌধুরী টিপু

কক্সবাজার, ১২ জুন – কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে তিন নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে একজন নারী ও দুজন শিশু।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ তিনটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

‘লাশ তিনটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, এরা রোহিঙ্গা নাগরিক। প্রতিবেশী মিয়ানমার থেকে জলপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌডুবিতে বা অন্য কোনো কারণে মারা যেতে পারে। নারীর বয়স ৩০ এবং শিশু দুটির বয়স পাঁচ থেকে সাত বছর হতে পারে’, যোগ করেন ওসি।

পুলিশ আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। পরে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সীমান্তের ওই পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবাসহ চোরাচালান ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে।

সূত্র : এনটিভি
এন এইচ, ১২ জুন


Back to top button
🌐 Read in Your Language