কক্সবাজার

দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত

কক্সবাজার, ৩১ মে– কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলি ও দায়ের কোপে ২ জন নিহত হয়েছেন।আজ সোমবার সন্ধ্যায় রুমালিয়ারছড়ার সিকদার বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও তার সহযোগী বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)।

হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এলাকা পরিদর্শনে যান। তিনি পরষ্পর বিরোধী সন্ত্রাসী গ্রুপের সকল সদস্যকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রুমালিয়ারছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আশু আলী গ্রুপের সঙ্গে আরেক সন্ত্রাসী গ্রুপ রায়হান গ্রুপের সংঘর্র্ষের ঘটনা ঘটে। মূলত এক খন্ড জমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। প্রতিপক্ষ মোহাম্মদ সাহেদ কে গুলি করে ও রায়হান কে উপর্যুপরি কুপিয়ে জখম করে। দুইজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আধিপত্যকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুইজনের মধ্যে রায়হানের দুইটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। দুই গ্রুপ সেখানে আধিপত্য নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয় বলে জানান তিনি।

সূত্র : কালের কণ্ঠ
এম এন / ৩১ মে


Back to top button
🌐 Read in Your Language