আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নড়াইল, ১৬ মে– নড়াইলের নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পেচি ডুমুরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের কালিয়া হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কালিয়া উপজেলার পেচি ডুমুরিয়া গ্রামে সুলতান শেখ গ্রুপ ও বোরহান শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিল। তারই জেরে আজ রোববার দুপুরের দিকে বোরহান গ্রুপের সমর্থকরা সুলতান গ্রুপের সমর্থকদের উপর হঠাৎ হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের পেচি ডুমুরিয়া গ্রামের হান্নান শেখ, হাবিব শেখ, রাব্বিল মোল্যা, মশিয়ার মোল্যা, কদর শেখ, রকিব শেখ, বিপুল শেখ, তাহাজ্জেদ শেখ , বোরহান শেখ, মিঠু শেখ, রইস শেখ, ইসলাম শেখসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতদেরকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত হান্নান শেখসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকছানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ১৬ মে









