এশিয়া

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হলেন গত সপ্তাহেও বন্দি থাকা নেতা

বিশকেক, ১৬ অক্টোবর- গত সপ্তাহ পর্যন্ত অপহরণের দায়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করতে থাকা জাতীয়তাবাদী নেতা সাদির জাপারোভ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। শুক্রবার তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির পার্লামেন্ট। আগামী বছর নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। একই সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সাদির জাপারোভ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট

বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ। এর আগে বিক্ষোভ থামানোর চেষ্টা হিসেবে সাদির জাপারোভকে মুক্তি দিয়ে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন তিনি। তারপরও বিক্ষোভ অব্যাহত থাকায় সরে যাওয়ার ঘোষণা দেন জিনবেকভ।

আরও পড়ুন: সরকারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দ্বিতীয় দিনেও ব্যাংককে বিক্ষোভ

শুক্রবার দেশটির আইনপ্রণেতারা সাদির জাপারোভকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। পার্লামেন্টের একটি অংশের নেতা ওমরবেক তেকেবায়েভ বলেন, ‘আগে কখনোই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত হয়নি। জনগণ তাদের প্রত্যাশা পুরণের জন্য আপনার অপেক্ষা করছে।’

২০১৩ সালে এক সরকারি কর্মকর্তাকে অপহরণের ঘটনায় ১১ বছরের কারাদণ্ড হয় সাদির জাপারোভের। তবে তিনি কাজাখাস্তানে পালিয়ে যান। পরে ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই কারাবন্দি থাকা এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আসছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/০৮:১৪/১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language