জাতীয়

সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখতেই এ ষড়যন্ত্র : পানিসম্পদ সচিব

​পাবনা, ১৬ অক্টোবর- পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্চিত ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনাকে ন্যাক্কারজনক ও সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র বলে জানিয়েছেন বাংলাদেশ আ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সহসভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, আমি এখানে এসে জনপ্রতিনিধিদের সাথে কথা বলে স্তম্ভিত হয়ে গেলাম। তারা বললেন যে, বাংলাদেশ স্বাধীন হলেও বেড়া স্বাধীন হয় নাই। আমি আশ্চর্য হয়েছি তাদের কথা শুনে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া উপজেলা পরিষদে ইউএনও লাঞ্ছিতের ঘটনা তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, আমি আ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি মানুষের সাথে কথা বলার জন্য, মানুষকে জিজ্ঞাসা করার জন্য। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ভয়ে আছে, তাদের সাথে কথা বলার জন্য এসেছিলাম। তাদেরকে সান্ত¦না ও সহমর্মিতা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। তিনি এ ধরনের ঘটনার ক্ষেত্রে সবসময় বলেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের। আপনার দেখেছেন, ইতোমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন: শাহবাগ থেকে নোয়াখালী অভিমুখে ধর্ষণ বিরোধী লংমার্চ শুরু

এর আগে কবীর বিন আনোয়ার ইউএনও লাঞ্ছিতের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। এ সময় তার কাছে ঘটনার তথ্য প্রমাণাদিও তুলে দেওয়া হয়। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বেড়া ইউএনও আসিফ আনাম সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

গত সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভাকালে মেয়র আবদুল বাতেনের বিরুদ্ধে ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত এবং অশ্রাব্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

এ ঘটনায় বুধবার রাতে বেড়া থানায় বরখাস্ত মেয়রের বিরুদ্ধে মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে চলে যান।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language