হবিগঞ্জে পুলিশ-হেফাজত সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ, ২৮ মার্চ – পুলিশের ওপর হামলা, মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে সিলেটের হবিগঞ্জে হেফাজত ও ইসলামী আন্দোলনের ডাকা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় আজমিরিগঞ্জ উপজেলার নোয়াগড় যাত্রী ছাউনির কাছে পুলিশ ও ইসলামী দলগুলোর নেতা-কর্মীদের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সাত পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় বিক্ষব্ধ হেফাজত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা টহল পুলিশের দুটি পিকআপ ভাংচুর এবং আগ্নিসংযোগ করেন আরও দুটি মোটর সাইকেলে।
আরও পড়ুন : শাল্লায় হামলা: আরও চারজন গ্রেফতার
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আজমিরিগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে টহল দেওয়ার এক পর্যায়ে পুলিশ নোয়াগড়া এলাকায় গেলে সেখানে পিকেটারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি এবং সংঘর্ষ হয়। পুলিশ-পিকেটার সংঘর্ষে জনতা এসে যোগ দিলে পিছু হটে পুলিশ। এসময় ওই পিকআপ ও মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে আন্দোলনকারীরা মসজিদের মাইকে পুলিশকে মোকাবিলার জন্য গ্রামবাসীকে ঘটনাস্থলে যাওয়ার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে স্থানীয় চেয়ারম্যান ফয়েজ আহমদ খেলু নেতৃস্থানীয় লোকজন ও এলাকার মুরব্বীদের নিয়ে গ্রামবাসীদেরকে পথরোধ করেন। তাদের হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়।
আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত ৭ পুলিশের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) পলওয়েল ও মুজিবুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে রায়ধর, আলাপুর ও দীঘলবাগসহ বিভিন্ন গ্রামের হাজারো মানুষ ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বেলা সাড়ে ১১টায় ব্যারিকেড তুলে নেওয়া হয়। হবিগঞ্জ শহরে দোকানপাট, অফিস আদালতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসময় এলাকায় হালকা যানবাহন চলাচল করলেও বাস-ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্নস্থানে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৮ মার্চ









