আটক শিশুবক্তা রফিকুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

ঢাকা, ২৫ মার্চ – রাজধানীর দৈনিক বাংলা এলাকা থেকে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় যুব অধিকার পরিষদের মোদিবিরোধী বিক্ষোভে থেকে পুলিশ তাকে আটক করেছিল।
আরও পড়ুন : আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ১ কোটি ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুচলেকা নিয়ে রফিকুল ইসলামকে বিকেল সাড়ে চারটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের বিরোধিতা করে যুব অধিকার পরিষদের ডাকে মতিঝিল শাপলাচত্বর এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করে। এসময় মোদির কুশপুত্তলিকা দাহ করেন তারা। এর একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সূত্র : সারাবাংলা
এন এইচ, ২৫ মার্চ









