ঢাকা-জলপাইগুড়ি ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন ২৭ মার্চ

ঢাকা, ২৩ মার্চ – বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হতে যাওয়া নতুন ট্রেনটির নাম হতে যাচ্ছে ‘মিতালী এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নাম দিয়েছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন এই ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে। এটি ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করবে।
ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দু’দিন ছেড়ে যাবে। বাংলাদেশ থেকে সোমবার ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রোববার ও বুধবার ছাড়ার প্রস্তাব করা হয়েছে। ঢাকা-নিউ জলপাইগুড়ি রেল ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স। আর চিলাহাটি-নিউ জলপাইগুড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। সঙ্গে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স যোগ হবে।
আরও পড়ুন : জাতীয় বীরদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ট্রেনের জন্য প্রধানমন্ত্রীর কাছে চারটি নাম পাঠানো হয়- মিতালী, সম্প্রীতি, সুহৃদ ও বন্ধুত্ব। এগুলো থেকে মিতালী নামটি বেছে নেন তিনি।
২৭ মার্চ উদ্বোধন হলেও ওই দিন থেকে ট্রেন চলাচল করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনার সংক্রমণ বাড়ার কারণে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশ ভ্রমণ ভিসা বন্ধ রয়েছে।
চিলাহাটি থেকে ভারত সীমান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, এখন যে অবকাঠামো আছে তা দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্ভব। তবে আধুনিক স্টেশন, অভিবাসন অবকাঠামো এবং স্টেশনসংলগ্ন খোলা জায়গা দরকার। এজন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয়ের পরিমাণ বেড়ে ১৪৩ কোটি টাকা হবে।
সূত্র : সমকাল
এন এইচ, ২৩ মার্চ









