বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মরিয়া পাকিস্তান

ইসলামাবাদ, ১৭ মার্চ – বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের সুযোগ কাজে লাগাতে চায় পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাই কমিশনারকে বলেছেন, পাকিস্তানের জন্য এই সম্পর্ক খুবই মূল্যবান। সংবাদমাধ্যম এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই উদযাপনে অংশ নিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন। এ সংক্রান্ত আলোচনার করার জন্য হাই-কমিশনার ইমরান সিদ্দিকীকে ঢাকা থেকে ইসলামাবাদে ডেকে পাঠায় পাকিস্তান সরকার। মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনে ডেকে নিয়ে ডা. আলভিতাকে বলেন, পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করতে চায় তার দেশ।
আরও পড়ুন : হিমাচলের বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লির বাড়িতে, অনুমান আত্মহত্যা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। বুধবার ডন জানিয়েছে, দীর্ঘদিনের হিমশীতল সম্পর্কের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া নানা ধরনের পদক্ষেপের কথা প্রেসিডেন্টকে জানান ইমরান সিদ্দিকী।
সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। এর মধ্যে পররাষ্ট্র সচিব-পর্যায়ের পরামর্শক এবং যৌথ অর্থনৈতিক কমিশনও রয়েছে। তবে এসবের বেশিরভাগই স্থগিত রয়েছে। গত প্রায় ১২ বছর ধরে বন্ধ থাকা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শিগগির আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট আরিফ আলভি হাই-কমিশনার সিদ্দিকীকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। দুই দেশের পারস্পরিক সুবিধা লাভের জন্য বাণিজ্যিক সম্পর্ক, ব্যবসায়িক সহযোগিতা এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ক্রীড়াসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনিময় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৭ মার্চ









