জাতীয়

আড়াই মাসে দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড

ঢাকা, ১৪ মার্চ – করোনায় দেশে গত এক দিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে; যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর এসেছিল। এছাড়া ১ হাজার ১৫৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্তের হারও ৪ জানুয়ারির পর প্রথমবারের মত ৭ শতাংশ পেরিয়ে গেছে। গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

রোববার সকাল পর্যন্ত আরও এক হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ৮ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ২১৯টি ল্যাবে ১৬ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি নমুনা।

এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৬০ হাজার ৭৬১টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১০ লাখ ৩ হাজার ৭৯০টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language